শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : যক্ষ্মা (টিবি) শনাক্তকরণে বিদ্যমান সংকট মোকাবিলা এবং দ্বিপক্ষীয় স্বাস্থ্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশকে ছয় লাখ টিবি পরীক্ষার কিট ও ১১ হাজার কোর্স শিশুদের টিবির ওষুধ দিয়েছে যুক্তরাষ্ট্র।
রাজধানীর একটি শীর্ষস্থানীয় যক্ষ্মা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ সহায়তা হস্তান্তর করেন বলে আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুদানের মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি জিনএক্সপার্ট টিবি পরীক্ষার কিট এবং শিশুদের জন্য টিবির ওষুধের কোর্স রয়েছে। এগুলো বিশেষ করে শিশুদের মধ্যে যক্ষ্মা শনাক্ত ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরবরাহ সংকটের এ সময়ে এ সহায়তা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে ওয়াশিংটনের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।
এ উদ্যোগটি বিশ্বব্যাপী রোগ প্রতিরোধ ও মোকাবিলা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি দ্বিপক্ষীয় স্বাস্থ্য অংশীদারত্ব সম্প্রসারণে যুক্তরাষ্ট্র সরকারের নতুন পাঁচ বছরমেয়াদি কাঠামোর অংশ।