বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৩০

ডেঙ্গুতে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন। 

এই সময়ে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর-এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২১৬ জন।  

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। এই বছর চারজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।