শিরোনাম

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : পারকিনসন রোগের ঝুঁকি ও ভোগান্তি অনেকাংশে কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, দ্রুত রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে পারকিনসন রোগের ঝুঁকি ও ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব।
বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষ্যে আজ শনিবার আয়োজিত জনসচেতনতামূলক এক শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এফ এম সিদ্দিকী বলেন, পারকিনসন দিবস আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি আবশ্যক। আক্রান্ত রোগীদের সচেতন করতে পারলে এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের জীবনযাত্রার মান উন্নত হবে।
র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, পারকিনসন রোগের প্রধান প্রধান কারণ হলো- হাত পা কাঁপা, হাঁটা-চলায় ধীরগতি, মাংসপেশি শক্ত হওয়া, শরীরের ভারসাম্যহীনতা ইত্যাদি।
র্যালিতে বিএমইউর নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কনোজ কুমার বর্মণ, অধ্যাপক ডা. শেখ মাহাবুব আলম, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ডা. আনিছ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. কাজী জান্নাত আরা প্রমুখ উপস্থিত ছিলেন।