শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও ছয়জন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৮৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৬৪২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হামে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি ৫ হাজার ১৭১ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।