বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২১:০৩

হামে আক্রান্ত আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৮৭

প্রতীকী ছবি

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশে হামে আক্রান্ত হয়ে নতুন করে আরো দু’জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও চারজন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে আজ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারাদেশে নতুন করে ৭৮৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৬০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৮২৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৭৬ জন।  

গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৬৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।