শিরোনাম

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে উদ্ধৃত করে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত করা হয়েছে। তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে উদ্ধৃত করে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘গুপ্ত টিভি’ নামে একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবি করে সামাজি যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
‘গুপ্ত টিভি’ নামের একটি পেজে গত ২৩ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এটি মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
তথ্যমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।