শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ভরতনাট্যমের ধ্রুপদী সৌন্দর্য, ছন্দ, মুদ্রা ও ভাব-রসের সমন্বয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’। কায়া আশ্রমের আয়োজনে আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কায়া আশ্রমের কর্ণধার অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আশ্রমের শিক্ষার্থীরা ভরতনাট্যম পরিবেশন করবেন। নৃত্য, সংগীত, তাল, মুদ্রা ও অভিনয়ের সমন্বয়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রাচীন এই ধারার বহুমাত্রিক সৌন্দর্য তুলে ধরা হবে অনুষ্ঠানে।
আয়োজকরা জানান, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ নৃত্যধারা ভরতনাট্যম। নৃত্য, সংগীত, তাল, মুদ্রা ও অভিনয়ের সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্পরীতি শুধু নান্দনিকতার প্রকাশ নয়; এর মধ্য দিয়ে ফুটে ওঠে পৌরাণিক ঐতিহ্য, আধ্যাত্মিকতা, রসবোধ ও মানবিক অনুভূতির বহুমাত্রিক প্রকাশ।
তারা আরও জানান, ‘অনুরণন’-এ ভরতনাট্যমের সেই বহুমাত্রিক সৌন্দর্য ও ভাবের জগৎ দর্শকের সামনে তুলে ধরার প্রয়াস থাকবে। ছন্দের মূর্ছনা, দেহভঙ্গির শৈল্পিকতা এবং অভিব্যক্তির গভীরতায় নৃত্যশিল্পীরা নির্মাণ করবেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।
কায়া আশ্রমের কর্ণধার অমিত চৌধুরী বলেন, সমকালীন সময়ে শাস্ত্রীয় নৃত্যচর্চা ও এর নান্দনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘অনুরণন’ সেই ধারাবাহিকতায় একটি অর্থবহ সাংস্কৃতিক উদ্যোগ।