বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫২

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০ জন তালবাদ্যশিল্পীর অংশগ্রহণে কবি কাজী নজরুল ইসলামের তৈরি ছন্দ ও তাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু হয়েছে।

আজ সকালে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের ১০৪ ও ১০৫ নম্বর মহড়া কক্ষে নজরুল সৃষ্ট তাল ও ছন্দের বিশেষ অ্যাপ্রিসিয়েশন শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কর্মশালায় যারা তালিম দিচ্ছেন তারা সবাই দেশের গুণী ও শ্রদ্ধেয় যন্ত্রশিল্পী। এমন বরেণ্য শিল্পীদের কাছ থেকে একসঙ্গে শেখার সুযোগ পাওয়া তরুণ প্রশিক্ষণার্থীদের জন্য এক বিরাট সৌভাগ্য।

তিনি আরও বলেন, কর্মশালায় অভিজ্ঞ শিল্পীরা ধাপে ধাপে তালিম দেবেন। অংশগ্রহণকারী সব তরুণ শিল্পীকে এই অনন্য সুযোগ কাজে লাগিয়ে নতুন কিছু শেখার আহ্বান জানান তিনি।

৯ ও ১০ সেপ্টেম্বর—দুই দিনব্যাপী এই কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই শিল্পযাত্রায় অংশগ্রহণকারীরা নজরুলের অনন্য তাল-ভাষা, লয়, ছন্দ ও বাদ্যপ্রকরণ গভীরভাবে শেখার পাশাপাশি সম্মিলিত অনুশীলন ও পরিবেশনার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।