বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

নজরুল স্মরণে শিল্পকলায় ২ দিনব্যাপী নজরুল নৃত্য উৎসব আজ

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নজরুল নৃত্য উৎসব।

অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব’ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম স্বাগত বক্তৃতা করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
আজ নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নাঈম খান ডান্স কোম্পানী, নৃত্যায়ন-ময়মনসিংহ, স্পন্দন, ভাবনা, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, কায়াশ্রম, স্বাপ্নিক নৃত্য বিকাশ- মাদারীপুর, অঞ্জলী নৃত্যাঙ্গন একাডেমি, আট্রিস্টি  আট্রিস্ট্রি, সাধনা, নৃত্যায়ন, নবদূত সাংস্কৃতিক একাডেমি, দীক্ষা, তপস্যা, নন্দন কলাকেন্দ্র, নৃত্যমী-ময়মনসিংহ, পরস্পরা, নৃত্যাক্ষ, নৃত্যসুর, স্বপ্নচুড়া কালচারাল একাডেমি, গুরুকুল কালচারাল সেন্টার, জিনিয়া নৃত্যকলা একাডেমি, বকুল নৃত্যালয় এবং নৃত্যম নৃত্যাশীলন কেন্দ্র।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নৃত্যশিল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন নৃত্যদল ও নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন।

শিল্পকলা একাডেমি সূত্র জানায়, ‘গানের ভেতর যে নৃত্য, নৃত্যের ভেতর যে নজরুল/সেই অনন্ত ছন্দের কাছে আমাদের ফিরে আসা।’ এই আয়োজনের মধ্য দিয়ে নজরুলের বহুমাত্রিক সৃষ্টিজগতের সঙ্গে নৃত্যের সৃজনশীল সংলাপ নির্মিত হবে। তাঁর গান, ছন্দ, ভাব, প্রেম, দ্রোহ, সাম্য ও মানবিকতার চেতনাকে সমকালীন নৃত্য ভাষায় অন্বেষণ করে নির্মিত হবে নতুন নতুন নৃত্য প্রযোজনা।

নজরুলের গান কেবল শ্রুতির আনন্দ নয়- সে এক অন্তর্গত স্পন্দন; কখনো দ্রোহের দীপ্ত অগ্নিশিখা, কখনো প্রেমের কোমল নীলিমা, কখনো সাম্যের আহ্বান, কখনো মানবতার গভীরতম উচ্চারণ। তার সুরে যে জীবন, সেই জীবনেরই আরেক ভাষা নৃত্য। দেহ যখন সুরের অর্থ হয়ে ওঠে, অঙ্গভঙ্গি যখন কবিতার পড়ক্তি হয়ে ওঠে, তখন নজরুলের গান নতুন এক নান্দনিক ভাষায় দৃশ্যমান হয়ে ওঠে।