শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য তথ্যপ্রযুক্তি ও ইনোভেশন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) কার্যক্রমের অধীনে একাডেমির জনসংযোগ শাখা এবং আইসিটি ও ইনোভেশন সেলের ব্যবস্থাপনায় কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘তথ্য প্রযুক্তি ও ইনোভেশন’ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে গত রোববার অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে স্মার্ট/যুগোপযোগী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরী, এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল এর বর্ধিত কাজ এবং বিভিন্ন ধাপ শেখানো হয়।
একাডেমির ৪২ জন কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও সংশ্লিষ্ট কর্মচারীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৬ এপ্রিল মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে কোর্স পরিচালক হিসেবে ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে সেবা সহজীকরণের সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বাড়ানোর চেষ্টা করবো ।