বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ২০:২২

আদি ঢাকার সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রত্যাশায় পর্দা উঠল ঢাকা নাট্যোৎসবের

ছবি : বাসস

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে নির্মিত নাটক নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘ঢাকা নাট্যোৎসব’-এর উদ্বোধন করা হয়েছে।

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আজ (রোববার) রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উৎসবে বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হবে।

উৎসবে মতিউর রহমান রানা নির্দেশিত গ্রন্থিক নাট্যদলের ‘গিরগিটি’, হামিদুর রহমান পাপ্পু নির্দেশিত শৌখিন নাট্যদলের ‘অন্তরালে আয়না’, সূচনা তিসা নির্দেশিত মৈত্রী থিয়েটারের ‘রঙিলা ফানুস’, এস. কে. রতন নির্দেশিত নবনাটের ‘ভেলকি’, খোরশেদুল আলম নির্দেশিত শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’, গোলাম সারোয়ার নির্দেশিত ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, শওকত হাসান নির্দেশিত স্বরবিথী থিয়েটারের ‘শাস্তি’ এবং শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত মেঘদূত নাট্য সম্প্রদায়ের ‘শায়েস্তা খাঁর পরী’ পরিবেশিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, সমাজের অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। নাটক, গান, সাহিত্যচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলা সম্ভব।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে ‘একটি ফুলকে বাঁচাবো বলে, যুদ্ধ করি’ গানের মাধ্যমে যেভাবে মানুষকে উজ্জীবিত করা হয়েছিল, তেমনি একটি ভালো গান ও উন্নত সংস্কৃতিচর্চার মাধ্যমে পুরো সমাজকে পরিবর্তন করা সম্ভব।

মো. আবদুস সালাম বলেন, ছোটবেলায় এলাকায় এলাকায় নাটক হতো, লাইব্রেরি ছিল। ছেলে-মেয়েরা লাইব্রেরির সদস্য হয়ে উপন্যাস, নাটক, গল্প ও কবিতার বই পড়ত। সাহিত্যচর্চার মধ্য দিয়ে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি হতো।

তিনি আরও বলেন, ‘এই ঢাকা আমার’এই অনুভূতি যদি মানুষের মন থেকে আসে, তাহলে নগরটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব। নিজের ড্রয়িংরুম ও পড়ার ঘর সুন্দর রাখার পাশাপাশি রাস্তাঘাটকেও পরিচ্ছন্ন রাখতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।