বাসস
  ১৭ মার্চ ২০২৬, ২১:০২

জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন

কোলাজ : বাসস

ঢাকা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : জনপ্রিয় অভিনেতা শামস সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লিহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...)।

আজ মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অভিনেতা সুজাত শিমুল বাসসকে জানান, নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা আজ বাসাতে একাই ছিলেন, অফিসেও যাননি। বিকেল পাঁচটা পর অসুস্থতাবোধ করলে শাহাদৎ হোসেনকে তার অসুস্থতার কথা জানান। শাহাদৎ তাকে হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি নিতেই শামস সুমন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তিনি জানান, তার পরিবার লন্ডনে অবস্থান করায় অভিনেতার মরদেহ হাসপাতালের ফ্রিজিং ভ্যানে চ্যানেল আই কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। কাল বুধবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তার মরদেহ রাজশাহীতে নেওয়া হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শামস সুমন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি উপস্থাপনা ও জিংগেলে অংশ নিয়েছেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন।

এরপর ২০০৬ সালে বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায় দেখা যায় তাকে। ২০০৮ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।