শিরোনাম

\ আবদুস সালাম আজাদ জুয়েল \
চাঁদপুর, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় শিশুদের প্রধান বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে কিডস কিংডম পার্ক। বেসরকারি উদ্যোগে ছোট পরিসরে এই বিনোদন কেন্দ্র শিশুদের জন্য এক আনন্দ ভুবনে পরিণত হয়েছে। এর জনপ্রিয়তা দেখে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনও।
জেলায় প্রায় সাতাশ লাখ মানুষের বসবাস। সব বয়সি মানুষের জন্য ছোটোখাটো বিনোদন কেন্দ্র থাকলেও শিশুদের জন্য খুবই কম। তবে কয়েকজন উদ্যোক্তা ছোট পরিসরে হলেও কিডস কিংডম নামে বিনোদন কেন্দ্র তৈরি করে শিশুদের সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন। বলা যেতে পারে এটি এখন চাঁদপুরের অন্যতম শিশু বিনোদন কেন্দ্র। উদ্যোক্তারা এটিকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন।
উদ্যোক্তাদের এই প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিনোদন কেন্দ্রের শ্রী বৃদ্ধিতে সরকারিভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দক্ষিণে চাঁদপুর-রায়পুর সড়কের পূর্ব পাশে খুবই নিরিবিলি পরিবেশে তৈরি হয়েছে কিডস কিংডম। দিনের বেলায় শিশুদের আগমন কম থাকলেও বিকেলে শহর ও আশপাশের এলাকা থেকে এখানে শিশুদের আগমন ঘটে। বিনোদনের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইডার। সিসিটিভি ক্যামেরাসহ শিশুদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
মূলত বিভিন্ন উৎসবের সময় বিনোদন কেন্দ্রটি মুখরিত হয়ে উঠে। বিশেষ করে শিশুদের বিদ্যালয় বন্ধ থাকলে শিশু ও তাদের অভিভাবকরা এখানে এসে সময় কাটান। বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সময় কাটানো যায়। এটির অভ্যন্তরে খাবার, স্যানিটেশন ও প্রার্থনার সু-ব্যবস্থা রয়েছে।
ঘুরতে আসা শিশু আহনাফ (৭) ও আসফি (১২) জানায়, এখানে খেলাধুলা ও সময় কাটানোর জন্য বেশ কয়েকটি রাইডার রয়েছে। বিনোদন কেন্দ্রটি ভালো লেগেছে তাদের। তবে নতুন নতুন রাইডার এবং বড় পরিসরে পার্ক হলে আরও ভালো লাগবে।
অভিভাবক হ্যাপি আক্তার বলেন, পারিবারিক ও পেশাগত কারণে শিশুদের সময় দিতে পারেন না। কিন্তু এখানে কিছুটা সময় হলেও নিরাপত্তার সাথে শিশুরা বিনোদন করার সুযোগ পাচ্ছে।
অভিভাবকরা মনে করেন, বিনোদন কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দর। কিন্তু স্থানটি ছোট। আরো বড় পরিসরে হলে শিশুরা ছুটাছুটি করার সুযোগ পাবে।
উদ্যোক্তা মো. জিল্লুর রহমান বলেন, জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখলাম শিশুদের জন্য কোনো বিনোদন কেন্দ্র নেই। বিভিন্ন স্থানে খাবারের দোকান ও সময় কাটানোর কেন্দ্র গড়ে উঠলেও একান্ত শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে উঠেনি। মূলত এই কারণে কিডস কিংডম প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। আমাদের বিনিয়োগ কম। সরকারিভাবে সহায়তা পেলে আমাদের জন্য এটি চালু রাখা সহজ হবে। আপাতত এই স্থানটি ইজারা নিয়ে আমরা শুরু করেছি।
বিনোদন কেন্দ্রটি গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা বলেন, শহরতলিতে শিশুদের জন্য যে পার্কটি গড়ে উঠেছে এটিকে শিশুবান্ধব করে তুলতে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এটির আশপাশে যত শিশু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও এখানে অবসর বিনোদনের জন্য উদ্বুদ্ধ করা হবে।