বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৪

শিল্প রক্ষায় উৎপাদনশীলতা ও ব্যবসার পরিবেশ উন্নয়নে গুরুত্ব এফবিসিসিআই প্রশাসকের

ছবি : বাসস

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেছেন, শুধু উচ্চ শুল্ক ও প্রশাসনিক ব্যবস্থা দিয়ে শিল্পকে রক্ষা করা যায় না। এর পাশাপাশি উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা এবং সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নত করার প্রয়াস থাকতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীতে ‘বাংলাদেশের বাণিজ্যনীতি এক সন্ধিক্ষণে : জাতীয় শুল্কনীতি, এলডিসি উত্তরণ এবং পরবর্তী প্রজন্মের বাণিজ্য চুক্তির প্রমাণভিত্তিক বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিশ্বব্যাংকের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।

মো. ফজলুল হক বলেন, নির্ভরযোগ্য জ্বালানি, উন্নত অবকাঠামো এবং অর্থায়নের সুযোগ এখনও গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। বাংলাদেশ যখন এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এবং মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, তখন নীতিনির্ধারকদের বেসরকারি খাত, বিশেষত এসএমইদের সঙ্গে অর্থবহ পরামর্শ নিশ্চিত করতে হবে। 

পিআরআই-এর চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ম্যাক্রোইকোনমিক্স, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের সিনিয়র ইকোনমিস্ট ড. নোরা ডিহেল। 

কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের  সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি ও পূবালী জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরান টি. রহমান এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

কর্মশালায় নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।