বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৬:১৩

যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম স্মেল্টার স্থাপনে বিনিয়োগকারীদের জন্য কম শুল্কের সুযোগ

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম স্মেল্টার স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া প্রতিষ্ঠানগুলোকে কম হারে অ্যালুমিনিয়াম আমদানি শুল্কের সুবিধা দেওয়ার নির্দেশনায় সোমবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম আমদানিতে সাধারণভাবে ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। তবে নতুন পরিকল্পনার আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলো এ শুল্কের অর্ধেক হারে শুল্ক প্রদানের সুবিধা পাবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীকে এমন একটি প্রণোদনা কর্মসূচি চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যা দেশের ভেতরে অ্যালুমিনিয়াম স্মেল্টার নির্মাণ, সম্প্রসারণ বা আধুনিকায়নে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

এ কর্মসূচির আওতায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে।

হোয়াইট হাউসের তথ্যপত্রে বলা হয়েছে, পরিকল্পনা অনুমোদিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রযোজ্য শুল্কের অর্ধেক হারে ‘সমপরিমাণ প্রাথমিক অ্যালুমিনিয়াম’ আমদানির সুযোগ পাবে।
হোয়াইট হাউস আরও বলেছে, সাঁজোয়া যান, নৌযান এবং ক্ষেপণাস্ত্রসহ যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম উৎপাদনে অ্যালুমিনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত বছর আবার ক্ষমতায় ফেরার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন।

এসব শুল্কের অনেকগুলোই ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটরগাড়ি শিল্পের মতো নির্দিষ্ট খাতের ওপর আরোপিত শুল্ক বহাল রয়েছে।
তবে সাম্প্রতিক মাসগুলোতে জটিল শুল্ক-অনুবর্তিতা ব্যবস্থার কারণে প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ায় ট্রাম্প তার ধাতবপণ্যের শুল্কনীতিতে কিছু পরিবর্তনও এনেছেন।