বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৬:০৩

নতুন ওষুধের বিক্রিতে দ্বিতীয় প্রান্তিকে ভালো মুনাফা নোভার্টিসের

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : নতুন কয়েকটি ওষুধের বিক্রির ওপর ভর করে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি নোভার্টিস। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

নোভার্টিস এক বিবৃতিতে জানায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে তাদের মোট বিক্রি ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে (১২ দশমিক ৬ বিলিয়ন ইউরো) পৌঁছেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সুইস সংস্থা এডব্লিউপির জরিপে বিশ্লেষকরা যেখানে ১৪ বিলিয়ন ডলার বিক্রির পূর্বাভাস দিয়েছিলেন, তার চেয়ে সামান্য বেশি আয় করেছে ব্রাসেলসভিত্তিক এই প্রতিষ্ঠানটি।

তবে নোভার্টিস তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে হৃদ্যন্ত্রের দুর্বলতার চিকিৎসায় ব্যবহৃত তাদের অন্যতম প্রধান ওষুধ এন্ট্রেস্টো রয়েছে।

২০২৫ সালে শুধু এন্ট্রেস্টো থেকেই নোভার্টিসের বার্ষিক আয় হয়েছিল ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। যদিও ওই বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে এ ওষুধের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর চতুর্থ প্রান্তিকে এর বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

নোভার্টিস জানায়, দীর্ঘস্থায়ী ত্বকের ফুসকুড়ির চিকিৎসায় ব্যবহৃত নতুন ওষুধ র‌্যাপসিডো  গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এবং চলতি বছরের এপ্রিলের শেষে ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পাওয়ার পর ইতোমধ্যে ৬৪ মিলিয়ন ডলারের বিক্রি করেছে।

তবে সুদ ও কর ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানিটির নিট মুনাফা ১৯ শতাংশ কমে ৩ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে নোভার্টিস জানিয়েছে।