শিরোনাম

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে দেশটির আবাসিক বিদ্যুৎ বিলের ওপর আর মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। জীবনযাত্রার ব্যয় কমাতে দায়িত্ব নেওয়ার পর তার সরকারের এটি প্রথম পদক্ষেপ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক বিবৃতিতে বার্নহ্যাম বলেন, ‘জ্বালানি বিলের ওপর কর কমাতে, মানুষের হাতে আরও বেশি অর্থ রাখতে এবং নতুন করে আশার সঞ্চার করতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি।’
ডাউনিং স্ট্রিটে দায়িত্ব নেওয়ার একদিন পর তিনি এ ঘোষণা দেন।
লেবার সরকার জানিয়েছে, এই পদক্ষেপের ফলে একটি পরিবারের বিদ্যুৎ বিলে বছরে গড়ে প্রায় ৪৫ পাউন্ড (৬১ ডলার) সাশ্রয় হবে।
বিদ্যুৎ ও গ্যাসের দামের ওপর যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেমের নির্ধারিত সর্বোচ্চ মূল্যসীমা বাড়ানোর সম্ভাব্য সময়ের সঙ্গে মিল রেখেই অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
মঙ্গলবারের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘১ অক্টোবর থেকে আবাসিক বিদ্যুৎ বিলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হবে, যাতে পরবর্তী অফজেম প্রাইস ক্যাপ কার্যকর হওয়ার সময় থেকেই মানুষ এর সুবিধা পায়।’
সরকার জানিয়েছে, এই নীতি বাস্তবায়নের অর্থ জোগানো হবে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রস্তাবিত ডিজিটাল আইডি (ডিজিটাল পরিচয়পত্র) প্রকল্প বাতিল করে। ওই প্রকল্পে করদাতাদের প্রায় ১৮০ কোটি পাউন্ড খরচ হওয়ার কথা ছিল।