বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৬:৫০

মার্জিন বিধিমালা সংশোধনের বিএসইসির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এ পদক্ষেপকে দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক ও সময়োপযোগী বলে অভিহিত করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে কমিশন যে মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে, তার জন্য সংগঠনটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ডিবিএ বিশেষভাবে গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত মতবিনিময় সভার জন্য চেয়ারম্যান ও কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছে। ওই সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব, মতামত ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গঠনমূলক আলোচনা পরিচালনা এবং সংস্কার প্রক্রিয়ায় সেসব সুপারিশ যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ।

সংগঠনটি মনে করে, বাস্তবমুখী ও বাজারবান্ধব এ উদ্যোগ একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে সংশোধিত মার্জিন বিধিমালা দেশের পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া শিগগিরই জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া পর্যালোচনার পর প্রয়োজন হলে সংগঠনটি বিস্তারিত মতামত ও সুপারিশ কমিশনের কাছে উপস্থাপন করবে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ তা সর্বাত্মকভাবে সমর্থন করে। ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ প্রস্তুত থাকবে।