শিরোনাম

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬(বাসস): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রয়্যাল ফুটওয়্যার পিএলসির ইনিশিয়াল কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (আইকিউআইও) অনুমোদন করেছে। একই সঙ্গে পুঁজিবাজারে স্ক্রিপ্ট নেটিং বা ইনট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি দিয়েছে কমিশন।
আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০ তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রয়্যাল ফুটওয়্যার পিএলসি আইকিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।
প্রসপেক্টাস অনুযায়ী, সংগৃহীত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, পরিবেশবান্ধব খাদ্য গ্রহণাগার ও কাঁচামাল ক্রয় এবং আইকিউআইও-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।
কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ দশমিক ৫৪ টাকা, পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ছিল ১৫ দশমিক ৯৪ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০ দশমিক ৮২ টাকা।
এ ইস্যুর ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড দায়িত্ব পালন করবে।
এছাড়া কমিশন সভায় পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থা আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ্ট নেটিং বা ইনট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি প্রদান করা হয়েছে।
এ ছাড়াও সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মৌল) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী প্রস্তাব (খসড়া) অনুমোদন করা হয়। খসড়াটি জনমত গ্রহণের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান-এর ১০ বছর মেয়াদপূর্তিতে ফান্ডটির মেয়াদ বৃদ্ধি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেদন অনুযায়ী সংশ্লিষ্ট সম্মতি প্রদানের সিদ্ধান্তও কমিশন সভায় গৃহীত হয়েছে।