বাসস
  ১১ জুলাই ২০২৬, ২২:০৯

ব্যবসার পরিবেশ উন্নয়নে সংস্কারের আহ্বান ব্যবসায়ীদের

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা ও দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজ করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা।

আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগ) মাহমুদুন নবী, জাতীয় রাজস্ব বোর্ডের র্(এনবিআর) দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে, ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআই’র সদস্যপদ প্রদান করা হয় এবং ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ডিসিসিআই’র মেম্বারশিপ সার্টিফিকেট হস্তান্তর করেন। 
  
নুসরাত ফারজানা বলেন, কর আহরণ এবং কর বিষয়ক প্রণোদনা প্রদান দুটোই সরকারের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এনবিআর দুটোর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ব্যবসা সহজীকরণের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে। 

তিনি উল্লেখ করেন, সম্প্রতি পাশ হওয়া ‘অর্থ আইন ২০২৬’-এ ব্যবসা পরিচালন প্রক্রিয়া সহজীকরণে বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যার সুফল দেশের উদ্যোক্তারা অতিদ্রুত লাভ করতে পারবেন। 

মতবিনিময় সভার মুক্ত আলোচনায় উপস্থিত ব্যবসায়ীরা চশমা খাতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজীকরণে নীতিমালা প্রণয়ন, রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির উপর আরোপিত কর হার হ্রাস, ফ্রিল্যান্সার প্রমোটার এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক নীতিমালা প্রণয়ন, ঢাকা আইডিসি কনটেইনার ডিপোতে নিয়মিত ভিত্তিতে বন্দর থেকে কনটেইনার ওয়াগন আনা ও দ্রুততার সাথে খালাস প্রক্রিয়া নিশ্চিত করা, নতুন উদ্যোক্তাদের এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ ও সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসা, নারী উদ্যোক্তাদের সহজশর্তে প্রণোদনা প্রদান, ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সহজীকরণ এবং নবায়নের সময়সীমা ১ বছরের থেকে বাড়িয়ে ৫ বছর করার আহ্বান জানান।