বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৮:৫৬

ইউসিবিএলের রাইটস শেয়ার ইস্যু ও নতুন মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন বিএসইসির

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১৯তম কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবিএল) রাইটস শেয়ার ইস্যুর আবেদন এবং ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। 

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার ১:২ অনুপাতে রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূলধন সংগ্রহের আবেদন করে। কমিশন এ আবেদন অনুমোদন করেছে। রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহার করা হবে।

এছাড়া সভায় বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস ও এর সার-সংক্ষেপ অনুমোদন করা হয়। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। ট্রাস্টি হিসেবে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।