শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিরল খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান লিনাস মঙ্গলবার জানিয়েছে, মালয়েশিয়ার পূর্বাঞ্চলে একটি স্থায়ী চুম্বক কারখানা নির্মাণের জন্য তারা দক্ষিণ কোরিয়ার জেএস লিংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে।
এই উদ্যোগের মাধ্যমে লিনাসের কাঁচামাল উৎপাদন কার্যক্রমের সঙ্গে পরবর্তী পর্যায়ের শিল্প উৎপাদন প্রক্রিয়াকে যুক্ত করা হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লিনাস জানিয়েছে, তারা কুয়ালালামপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৬০ মাইল) পূর্বে কুয়ান্তানে নিজেদের কারখানার কাছে স্থাপন করতে যাওয়া এ প্রকল্পে প্রায় ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
প্রস্তাবিত কারখানায় প্রতি বছর প্রায় ৩ হাজার টন চুম্বক উৎপাদন করা হবে। এসব চুম্বক তৈরিতে বিরল খনিজ উপাদান নিওডিমিয়ামের সঙ্গে লোহা ও বোরন ব্যবহার করা হবে।
লিনাস এক বিবৃতিতে জানিয়েছে, এসব চুম্বক দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারে গাড়ি নির্মাণ, বায়ুশক্তি উৎপাদন এবং ইলেকট্রনিকস শিল্পের সরবরাহ ব্যবস্থায় ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।
চুক্তি অনুযায়ী, লিনাস নতুন মালয়েশিয়ান কারখানার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ইয়েসান এলাকায় জেএস লিংকের কারখানায় বিরল খনিজ উপাদান সরবরাহ করবে। এই বিশেষ বাণিজ্যিক চুক্তি ২০৩৮ সালের জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এই প্রকল্পে প্রায় ৪০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
লিনাসের জেবেং কারখানা ২০১২ সাল থেকে চালু রয়েছে। এখান থেকে বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত উপাদান সরবরাহ করা হয়।
বিশ্বের বিরল খনিজ বাজারের প্রায় ১০ শতাংশ নিয়ন্ত্রণ করে লিনাস। বাকি প্রায় ৯০ শতাংশ উৎপাদন হয় চীনে।