বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৯:৩৩

জাইকা-সহায়তাপ্রাপ্ত ভবন নিরাপত্তা প্রকল্পে এনপিএল শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ২ জুলাই, ২০২৬(বাসস) : তৈরি পোশাক (আরএমজি) শিল্পে কারখানার ভবন নিরাপত্তা উন্নয়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সহায়তাপ্রাপ্ত ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের (ইউবিএসপি) আওতায় অর্থায়ন ত্বরান্বিত করতে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের (পিএফআই) জন্য খেলাপি ঋণ (এনপিএল) সংক্রান্ত যোগ্যতার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার প্রকল্পটির কম্পোনেন্ট-১-এর আওতায় ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট (বিডি-পি৮৪)’-এর পরিচালনা নির্দেশিকা (অপারেটিং গাইডলাইন) সংশোধন করে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, পরিচালনা নির্দেশিকার ৪.১(৬) ধারা সংশোধন করে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের জন্য খেলাপি ঋণের হার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবন নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমে অর্থায়নে সক্ষম আর্থিক প্রতিষ্ঠানের পরিধি বাড়িয়ে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করতেই এ সংশোধন আনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, নতুন এ সিদ্ধান্তের ফলে কারখানার সংস্কার, নিরাপত্তা উন্নয়ন এবং কর্মপরিবেশের মানোন্নয়নমূলক কার্যক্রমে ঋণ বিতরণ দ্রুততর হবে। এর মাধ্যমে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা আরও জোরদার হবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) জাইকার প্রকল্প বাস্তবায়ন ইউনিটের (পিআইইউ) সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সার্কুলারে অংশগ্রহণকারী সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সংশোধিত বিধান অবিলম্বে তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সংশোধিত এ বিধান ছাড়া পরিচালনা নির্দেশিকার অন্যান্য সব শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।