শিরোনাম

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস): ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক, বেস্ট ইকুইটি ক্যাপিটাল মার্কেটস (ইসিএম) হাউস এবং বেস্ট ডেট ক্যাপিটাল মার্কেটস (ডিসিএম) হাউস হিসেবে স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। প্রতিষ্ঠানটি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের মূল তিনটি ক্যাটাগরিতে এই স্বীকৃতি বাংলাদেশের পুঁজিবাজারে আইডিএলসি ইনভেস্টমেন্টসের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ইকুইটি ও ডেট ক্যাপিটাল মার্কেটস, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন, অ্যাডভাইজরি, আন্ডাররাইটিং এবং ট্রাস্টি সেবায় প্রতিষ্ঠানটির সমন্বিত দক্ষতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, তারল্য সংকট, উচ্চ সুদের হার এবং পাবলিক ইকুইটি ইস্যুর সীমিত সুযোগের কারণে গত অর্থবছর বাংলাদেশের পুঁজিবাজারের জন্য ছিল চ্যালেঞ্জিং। এ পরিস্থিতিতেও আইডিএলসি ইনভেস্টমেন্টস দেশের একমাত্র পাবলিক ইকুইটি ইস্যুর নেতৃত্ব দেয়। পাশাপাশি স্ট্রাকচার্ড ডেট সলিউশন সম্প্রসারণ, রেগুলেটরি ক্যাপিটাল গঠনে সহায়তা এবং শীর্ষস্থানীয় করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন, শরিয়াহসম্মত, সিন্ডিকেটেড ও অ্যাডভাইজরি সেবা প্রদান করে।
হংকংয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ছোট বাজার হলেও এটি এশিয়ার অন্যতম স্থিতিশীল প্রবৃদ্ধির গল্প। এই প্রবৃদ্ধির পরবর্তী ধাপে আরও গভীর ইকুইটি মার্কেট, শক্তিশালী ডেট ক্যাপিটাল মার্কেট, টেকসই অর্থায়ন এবং বেশি প্রাতিষ্ঠানিক মূলধন প্রয়োজন। ফাইন্যান্স এশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমরা আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি উৎসর্গ করছি।’
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘ফাইন্যান্স এশিয়ার কাছ থেকে এই তিনটি স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আমাদের সমন্বিত ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম, গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা এবং গুণগত মান, উদ্ভাবন ও উৎকর্ষপূর্ণ বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’