শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা খাতে বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর পেমেন্ট সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভিওন গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি ফাবেলার নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর পেমেন্ট সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং এ-সংক্রান্ত নিয়ন্ত্রক কাঠামো নিয়ে মতবিনিময় হয়।
ভিওন গ্রুপ বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে তাদের আগ্রহ ও পরিকল্পনার কথা বাংলাদেশ ব্যাংককে অবহিত করে। প্রতিনিধিদল জানায়, তারা ইতোমধ্যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্সের জন্য আবেদন করেছে এবং দেশের বৃহত্তর ডিজিটাল আর্থিক সেবা ইকোসিস্টেমে অংশগ্রহণের লক্ষ্যে একটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।
বৈঠকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), পিএসপি এবং ডিজিটাল ব্যাংকিং-সংশ্লিষ্ট লাইসেন্সিং ও নিয়ন্ত্রক বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া একটি বিদ্যমান ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং কাঠামো, সম্ভাব্য অংশীদারিত্ব এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারী হিসেবে ভিওন গ্রুপের অংশগ্রহণের আগ্রহ নিয়েও মতবিনিময় হয়। এ ক্ষেত্রে উপযুক্ত করপোরেট কাঠামো, প্রযোজ্য আইন, নিয়ন্ত্রক শর্তাবলি এবং প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে কেন্দ্রীয় ব্যাংক নীতিগতভাবে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এ প্রেক্ষাপটে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে ভিওন গ্রুপের সংশ্লিষ্ট আবেদন ও উদ্যোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার ও দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে।
বৈঠকে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বাংলাদেশ ব্যাংক পুনর্ব্যক্ত করে যে, দেশের আর্থিক খাতে উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে নিরাপদ ও নিয়মতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।