শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চলে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ মালিকানাধীন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেড একটি আধুনিক জুতা উৎপাদন কারখানা স্থাপন করবে।
এ লক্ষ্যে মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বেপজা জানায়, ২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করবে। এ বিনিয়োগ দেশের রপ্তানিমুখী জুতা শিল্পে পণ্য বৈচিত্র্য আনয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে ৪৬৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বছরে প্রায় ৩০ লাখ জোড়া ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস ও সেফটি জুতা উৎপাদন করা হবে।
প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক রপ্তানি আয় হবে ৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। উৎপাদিত জুতা ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা ধারাবাহিকভাবে অবকাঠামো, সেবা ও বিনিয়োগ সুবিধার উন্নয়নে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এ বিনিয়োগ দেশের রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি বলেন, বাংলাদেশে এটি তাদের তৃতীয় বিনিয়োগ এবং তিনটিই বেপজার অধীনস্থ শিল্পাঞ্চলে। আঞ্চলিক ব্যবসা সম্প্রসারণের জন্য ভারত ও ভিয়েতনামসহ বিভিন্ন সম্ভাব্য গন্তব্য মূল্যায়নের পর বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ ও পেশাদার সেবা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং ইতিবাচক অভিজ্ঞতার কারণে বাংলাদেশ, বিশেষ করে বেপজাকেই সম্প্রসারণের জন্য সর্বোত্তম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০১৩ সালে কুমিল্লা ইপিজেডে ইস্টপোর্ট লিমিটেডের মাধ্যমে প্রথম বিনিয়োগের পর বেপজার সঙ্গে কাজের ইতিবাচক অভিজ্ঞতাই নতুন এই বিনিয়োগের ক্ষেত্রে তাদের আস্থা আরও বাড়িয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।