শিরোনাম

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা দিতে চারটি ব্যাচে মোট ২০৮ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, কমিশনের উদ্যোগে গত ২১, ২৩, ২৫ ও ২৮ জুন চারটি পৃথক ব্যাচে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। এর মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ ) রুলস, ২০২৫ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( ডেবিট সিকিউরিটিজ ) রুলস, ২০২১, -এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কমিশনের কার্যক্রম ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট অন্যান্য প্রযোজ্য আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল পুঁজিবাজারে কর্মরত মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কমিশনের বিদ্যমান আইন-কানুন ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া, যাতে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে পারেন এবং বাজারে সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
বিএসইসি জানায়, কমিশনের ফিন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে। এর মাধ্যমে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের পুঁজিবাজারকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও আইনানুগভাবে পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিএসইসি আশা করছে।