বাসস
  ২৪ জুন ২০২৬, ১৮:৪৬

ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত, লেনদেন ৯৪০ কোটি টাকা

ঢাকা, ২৪ জুন, ২০২৬(বাসস): দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি ৯৪০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। 

ডিএসই সূত্রে জানা গেছে,  দিন শেষে ডিএসইতে ২ লাখ ২৩ হাজার ৯৮৭টি ট্রেডের মাধ্যমে আজ ৩৯৭টি কোম্পানির মোট ২৬ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৮৬৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৯৪০ কোটি ২১ লাখ ৩৩ হাজার ১৭১ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮২টির শেয়ারদর বেড়েছে, ১৫০টির কমেছে এবং ৬৫টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১১ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৬ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ দশমিক ৪৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। 

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্র্যাক ব্যাংক, আইটিসি, বিডি থাই, ন্যাশনাল ফিডস, কেডিএস অ্যাকসেসরিজ, আইপিডিসি, ডমিনেজ স্টিল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো নাহি অ্যালুমিনিয়াম, সোনারগাঁও টেক্সটাইল, সাফকো ইন্ডাস্ট্রিজ, কেডিএস অ্যাকসেসরিজ, আইসিবি, আরামিট লিমিটেড, আইটিসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং সিপিজি-আইবিবিএল মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং, পিপলস লিজিং, বে লিজিং, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, নূরানী ডাইং, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।

ক্যাটাগরি ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দর বেড়েছে, ৭২টির কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বৃদ্ধি পেলেও ৩৫টির দর কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, ‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দর বেড়েছে, ৪৩টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে কোনো লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টি ইউনিটের মধ্যে ১২টির দর বেড়েছে, ৪টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া চারটি বন্ডের মধ্যে দুটির দর বেড়েছে, একটির কমেছে এবং একটি অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে ছয়টি ইস্যুর লেনদেন হয়। এর মধ্যে চারটির দর বেড়েছে এবং দুটির দর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধির ফলে দিনভর বাজারে ইতিবাচক মনোভাব বজায় ছিল এবং লেনদেনেও উল্লেখযোগ্য গতি লক্ষ্য করা গেছে।