শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের একটি ইতিবাচক ও বাস্তবমুখী রোডম্যাপ হিসেবে স্বাগত জানিয়েছে।
আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে আইবিএফবির প্রেসিডেন্ট লুতফুন নিসা সৌদিয়া খান এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ, শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসার এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
তবে, তিনি উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, ব্যাংকিং খাতের দুর্বলতা দূরীকরণ এবং বাজেট বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
কর প্রশাসনের ডিজিটালাইজেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার, ব্যবসা সহজীকরণ, এসএমই অর্থায়ন সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, পুঁজিবাজারের উন্নয়ন এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার সুপারিশ পুনর্ব্যক্ত করে আইবিএফবি।
সংবাদ সম্মেলনে আইবিএফবির সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ, সংগঠনটির লাইফ মেম্বার ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস এবং পরিচালক এম এস সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আব্দুল মজিদ বলেন, টেকসই বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নীতির ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কার্যকর বাস্তবায়ন, সুশাসন এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে মনে করে আইবিএফবি।