শিরোনাম

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা এবং ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের সঙ্গে বিএপিএলসির একটি প্রতিনিধিদলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মো. নাফিজ আল তারিক, নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএপিএলসির পক্ষে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন অংশ নেন।
সভায় বিএপিএলসির পক্ষ থেকে জানানো হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে ভালো মানের অনেক কোম্পানির আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন হিসেবে বিএপিএলসি এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে চায়। একই সঙ্গে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাগুলো সমাধানের অনুরোধ জানানো হয়।
বৈঠকে বিএসইসির পক্ষ থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ ছাড়াও পুঁজিবাজারের উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।