বাসস
  ১৭ জুন ২০২৬, ২০:৩৪
আপডেট : ১৭ জুন ২০২৬, ২০:৩৬

তিন ব্রোকারেজ হাউজকে ডিএসইর ফিক্স সার্টিফিকেশন প্রদান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস) : নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স (ফিন্যান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ) সার্টিফিকেশন প্রদান করেছে।

সার্টিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।

এ উপলক্ষে আজ ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবিদ হোসেন খান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক জিসান বিন মুবারক, সহকারী মহা-ব্যবস্থাপক কামরুন নাহারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রোকারেজ হাউজগুলোর পক্ষে জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান লুবনা মাহমুদ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাজিব হাসান এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের সিইও ওয়ালিউল ইসলাম সার্টিফিকেশন গ্রহণ করেন।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২০ সাল থেকে এপিআইভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ৮৫টি ব্রোকারেজ হাউজ নাসডাকের ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব ওএমএসের মাধ্যমে লেনদেন পরিচালনার জন্য ডিএসইতে আবেদন করে।

সর্বশেষ তিনটি প্রতিষ্ঠানসহ এ পর্যন্ত মোট ৬১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫৩টি ব্রোকারেজ হাউজ সার্টিফিকেশন অর্জনের পর এপিআই সংযোগের মাধ্যমে সফলভাবে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।

ডিএসই মনে করছে, ব্রোকারেজ হাউজগুলোর নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে লেনদেন কার্যক্রম আরও আধুনিক, দ্রুত ও দক্ষ হবে এবং পুঁজিবাজারে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে নতুন গতি সঞ্চার করবে।