বাসস
  ১৬ জুন ২০২৬, ২২:৫৮

আরও ৩ দেশে রপ্তানি সম্প্রসারিত করলো ভিশন ইলেকট্রনিকস

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড তাদের ভিশন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (এসি) এবং অন্যান্য গৃহস্থালি পণ্য নতুন করে তিন দেশ নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগালে রপ্তানি শুরু করেছে।

প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সম্প্রতি এসব নতুন বাজারে ভিশন ব্র্যান্ডের ফ্রিজ, এসি এবং অন্যান্য গৃহস্থালি পণ্যের চালান পাঠিয়েছে।

বর্তমানে এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টিরও বেশি আন্তর্জাতিক বাজারে নিয়মিতভাবে ভিশন পণ্য রপ্তানি করা হচ্ছে। কোম্পানির তথ্য অনুযায়ী, এসব দেশে ভিশনের রেফ্রিজারেটর, এসি, ওয়াটার পিউরিফায়ার এবং মাইক্রোওয়েভ ওভেনের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য পৌঁছে দেওয়া এবং দেশের রপ্তানি বাজারকে আরও বহুমুখী করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, ‘নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগালের মতো নতুন বাজারে ভিশন পণ্যের প্রবেশ আমাদের বৈশ্বিক সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।’

আরএফএল ইলেকট্রনিকস লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. নুর আলম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিশন ব্র্যান্ডের রেফ্রিজারেটর ও এসি তৈরি করা হয়, যা জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।

তিনি বলেন, ‘উন্নত ইনভার্টার প্রযুক্তি এবং প্রতিকূল আবহাওয়ায় নির্ভরযোগ্য কর্মক্ষমতার কারণে আন্তর্জাতিক বাজারে ভিশন পণ্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে।’