শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : বিশিষ্ট ব্যাংকার ও কর্পোরেট ব্যক্তিত্ব কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী শায়রুল হাসান কর্মজীবনে ব্যাংকিং, আর্থিক সেবা, এফএমসিজি, টেলিযোগাযোগ ও সেবা খাতে ৪১ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ফাইসন্স (ইউকে) লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেডসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজী শায়রুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) অর্জন করেছেন।