বাসস
  ০৮ জুন ২০২৬, ২১:৫৫

বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে বিএসইসি

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে। 

আজ বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগের সার্ভেইল্যান্স বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের স্বার্থে, পাশাপাশি বাজারের উন্নয়নের লক্ষ্যে শেয়ারমূল্যের গতিবিধি নিয়ন্ত্রণসংক্রান্ত কিছু নির্দেশনা জারি করা প্রয়োজন বলে কমিশন মনে করেছে।

এ প্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২০-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা বিএসইসির আদেশের আওতায় বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের জন্য নির্ধারিত ফ্লোর প্রাইস এবং সংশ্লিষ্ট অন্যান্য শর্ত প্রত্যাহার করা হয়েছে।

ফলে আগামী ৯ জুন থেকে এ দুই প্রতিষ্ঠানের শেয়ার কোনো ন্যূনতম মূল্যসীমা ছাড়াই স্বাভাবিক বাজার ব্যবস্থায় লেনদেন হবে।

আদেশে আরও বলা হয়, ২০২১ সালের ১৭ জুন জারি করা কমিশনের নির্দেশনা অনুযায়ী সব তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে সার্কিট ব্রেকারের ঊর্ধ্ব ও নিম্নসীমা কার্যকর থাকবে।

বিএসইসি জানিয়েছে, নতুন এ আদেশ আগামী ৯ জুন থেকে কার্যকর হবে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হবে। একই সঙ্গে এ সিদ্ধান্ত পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং তারল্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।