শিরোনাম

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস): পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাসুদ খান এবং নবনিযুক্ত তিন কমিশনারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম, মুহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, স্নেহাশিস বড়–য়া, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূঁইয়া, মো. সাজেদুল ইসলাম এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে আজ সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত কমিশনের সভা শুরু হয়। সভায় বিএসইসির সার্বিক কার্যক্রম, দেশের পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের রোডম্যাপ, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে বিএসইসির কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির একটি প্রতিনিধি দল নবনিযুক্ত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিএসইসির চেয়ারম্যান ও সকল কমিশনারের পাশাপাশি ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ডিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত কমিশনকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা এবং বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ জুন মাসুদ খান বিএসইসির চেয়ারম্যান হিসেবে এবং তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।