বাসস
  ০৭ জুন ২০২৬, ১৯:১৮

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৬ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন (৩ হাজার ৩৪৪ কোটি) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

আজ রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ৬ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

২০২৬ সালের ৪ থেকে ৬ জুনের মধ্যে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী কর্মীদের অব্যাহত অবদানের প্রতিফলন।

জুন মাসের প্রথম ছয় দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ ডলার। যদিও আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার, তবু সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সারা অর্থবছরজুড়ে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে সামগ্রিক চিত্র অত্যন্ত ইতিবাচক।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, আমদানি ব্যয় মেটাতে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

সর্বশেষ এ পরিসংখ্যান আবারও প্রমাণ করেছে যে, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এটি লাখো পরিবারের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।