বাসস
  ০৪ জুন ২০২৬, ১৬:৫২

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ২১ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। 

আজ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে মাকসুদ জানান, তিনি ব্যক্তিগত কাজে মনোনিবেশ করার জন্য এই পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

কমিশনের দায়িত্বকাল সম্পর্কে তিনি বলেন, বর্তমান নেতৃত্ব এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছিল, যখন দেশের পুঁজিবাজার নানা চ্যালেঞ্জের মুখে ছিল। এ সময়ে আইনি কাঠামো শক্তিশালী করা, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদারের লক্ষ্যে একাধিক সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়।

তিনি বলেন, এই স্বল্প সময়ে আমরা ইতোমধ্যে পাঁচটি বিধি-মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ডেট সিকিউরিটিজ, হুইসেলব্লোয়ার) গেজেটভুক্ত করা হয়েছে। এছাড়া জনমত যাচাইয়ের জন্য তিনটি খসড়া বিধি বা নির্দেশিকা (কর্পোরেট গভর্নেন্স, অডিট, কর্পোরেট পুনর্গঠন) প্রকাশিত হয়েছে। 

বিদায়ী চেয়ারম্যান আরও জানান, দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে কমিশন ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়াও প্রণয়ন করেছে, যা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।