শিরোনাম

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ (এফআইডি) এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ‘১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম’র আওতায় কৃষকদের ঋণ সহায়তা আরও সহজ ও কার্যকর করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর আলোকে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাব খোলা এবং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে।
তবে একই সঙ্গে কার্ডবিহীন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা যেন এ স্কিমের আওতায় ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওরাঞ্চলে পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ সহায়তায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকার কৃষকদের পাশাপাশি দেশের অন্যান্য জেলায় অতিবৃষ্টিজনিত ফসলহানির শিকার প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে পূর্বে জারি করা সংশ্লিষ্ট সার্কুলার ও সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।