বাসস
  ০২ জুন ২০২৬, ১৯:০৬

সোলার প্যানেলে প্রয়োজনের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করছে মেটলাইফ 

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস): নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের ১০ শতাংশ পর্যন্ত উৎপাদনের লক্ষ্যে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে ১০৪ কিলোওয়াট সক্ষমতা সম্পন্ন অন-গ্রিড সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করেছে মেটলাইফ বাংলাদেশ।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় ও টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ মেটলাইফ। প্রতিষ্ঠানটি আধুনিক ও পরিবেশবান্ধব রূপান্তরের মাধ্যমে কাজের পরিবেশের ধারাবাহিক উন্নয়ন ঘটিয়ে চলেছে।

মেটলাইফের সোলার প্যানেল স্থাপন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দেশের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে বাণিজ্যিক পরিসরে ছাদের ওপরে বসানো সোলার প্যানেল নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘দেশে ব্যবসা পরিচালনায় এবং সেবাদানের ক্ষেত্রে টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান কার্যালয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে আমরা প্রমাণ করেছি যে প্রগতি ও পরিবেশ সংরক্ষণ একই সঙ্গে বজায় রাখা সম্ভব।’

জাতীয় গ্রিড সংযোগের কঠোর মানদণ্ড ও নিয়মাবলী অনুসরণ করে এই প্রকল্পের কারিগরি বাস্তবায়ন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪।