বাসস
  ০২ জুন ২০২৬, ১৭:৩৪

১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস

ফাইল ছবি

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য নিষ্পত্তির অংশ হিসেবে ২০২৬ সালের জুন মাসে ই-অকশন পদ্ধতিতে ৪৪টি লটে ১০২ কন্টেইনার পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ‘ই-অকশন-৬/২০২৬’-এর আওতায় বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য নিলামে বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) থাকছে না।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। বিডাররা সরেজমিনে পণ্য পরিদর্শনের পাশাপাশি অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।

আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে বিড করতে পারবেন। তবে অনলাইন আবেদন ছাড়াও জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস গ্রহণ করতে হবে।

আগামী ১৮ জুন সকাল ১১টায় ‘ই-অকশন-৬/২০২৬’-এর দরপত্র বাক্স খোলা হবে।

এনবিআর জানায়, চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।