শিরোনাম

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংক (বিবি) রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ সহজ করতে বেশ কয়েকটি যোগ্যতার শর্ত শিথিল করেছে।
আজ কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগ (এসএমইএসপিডি) থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সিএমএসএমই খাতের অবদান আরও জোরদার করা ও তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএমইএসপিডি’র ২০২৫ সালের ১৭ মার্চ জারিকৃত সার্কুলার নম্বর-০১-এর ১৪.৪.২ ধারায় উল্লেখিত শর্তাবলির ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য হবে।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোকে আর ২০ শতাংশের নিচে শ্রেণিবিন্যাসিত ঋণ বা বিনিয়োগ হার কঠোরভাবে বজায় রাখতে হবে না।
এছাড়া, সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে এসব ব্যাংককে নির্ধারিত মূলধন পর্যাপ্ততা, নগদ সংরক্ষণে হার (সিআরআর) ও বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণ হার (এসএলআর) বজায় রাখার বাধ্যবাধকতা থেকেও অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিথিল করা এসব শর্ত কার্যকর থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।