শিরোনাম

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : দেশে ডিজিটাল পেমেন্টের প্রসার ত্বরান্বিত করতে ও ক্যাশলেস (নগদবিহীন) লেনদেন ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট’ নামকরণ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
আজ জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, দেশব্যাপী বাংলা কিউআরভিত্তিক লেনদেন সম্প্রসারণে অধিকতর গুরুত্ব নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) নিজ নিজ প্রধান কার্যালয়ে বিদ্যমান ইউনিটের নাম অবিলম্বে পরিবর্তন করে ‘বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট’ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমানো এবং সারাদেশে বাংলা কিউআর প্ল্যাটফর্মের সম্প্রসারণ ত্বরান্বিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে শক্তিশালী করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
নতুন নির্দেশনার অংশ হিসেবে ব্যাংক, এমএফএস প্রদানকারী ও পিএসপিগুলোকে তাদের মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বাড়াতে ও গ্রাহকদের সহজ ব্যবহারের জন্য অ্যাপের হোমপেজে বাংলা কিউআর পেমেন্ট অপশন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, মার্চেন্ট পেমেন্ট নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে বৈধ ট্রেড লাইসেন্সধারী খুচরা হিসাবধারীদের বাংলা কিউআর চ্যানেলের আওতায় আনতে সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া, ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত মোবাইল অ্যাপে গ্রাহকের নিবন্ধন বৃদ্ধি ও বাংলা কিউআর চ্যানেলে নতুন করে মার্চেন্ট অনবোর্ডিং-এর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ কর্মপরিকল্পনা আগামী ৩ জুন ২০২৬-এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পিএসডি-১ বিভাগে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, মাঠপর্যায়ে সেবাটির প্রচার ও বাস্তবায়ন তদারকির জন্য প্রতিটি তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় একজন করে ‘বাংলা কিউআর ব্র্যান্ডিং অফিসার’ নিয়োগ দিতে হবে।