বাসস
  ২৩ মে ২০২৬, ১৭:২৩

জার্মানির আমান গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ করছে : সিইও মার্কাস নিকোলাউস 

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : জার্মানভিত্তিক সুতা প্রস্তুতকারক আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠান আমান গ্রুপ বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম ও কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কাস নিকোলাউস।

সম্প্রতি রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে আমান গ্রুপের প্রতিনিধিদলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক বাজারের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় বিজিএমইএ’র পরিচালক মো. হাসিব উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, চলতি বছরের শুরুতে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক রপ্তানিতে কিছুটা ধীরগতি দেখা দিলেও বর্তমানে খাতটি ঘুরে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা পণ্যের বহুমুখীকরণে জোর দিচ্ছি। আমাদের লক্ষ্য শুধু রপ্তানির পরিমাণ বাড়ানো নয়, বরং উচ্চমূল্যের পোশাক উৎপাদন বৃদ্ধি করা।’ 

তিনি আরও বলেন, আমান গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পকে শুধু সুতা সরবরাহকারী হিসেবেই নয়, বরং কৌশলগত ব্যবসায়িক অংশীদার হিসেবেও সহযোগিতা করতে পারে।
মাহমুদ হাসান খান উল্লেখ করেন, জার্মানির অনেক স্বনামধন্য ব্র্যান্ড এখনো বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করছে না। তিনি আমান গ্রুপকে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা ও ইতিবাচক পরিবর্তনের চিত্র জার্মান ব্র্যান্ডগুলোর কাছে তুলে ধরার আহ্বান জানান।

বৈঠকে মার্কাস নিকোলাউস বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময় এবং তারা দেশে আরো কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, ‘বিশেষ করে বাংলাদেশের হাই-টেক টেক্সটাইল খাতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে।’

তিনি আরও জানান, আমান গ্রুপ তাদের পণ্যের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের উচ্চমানের বা ‘প্রিমিয়াম সেগমেন্ট’-এর ব্র্যান্ডগুলোর চাহিদা পূরণে কাজ করতে চায়।

বৈঠকে পোশাক শিল্পের বৈশ্বিক ও স্থানীয় ঝুঁকি, বাংলাদেশের শ্রমমান, যুক্তরাষ্ট্রের বর্তমান ট্যারিফ নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব নিয়েও আলোচনা হয়। এছাড়া দেশের বন্দর, জ্বালানি, লজিস্টিকস ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কেও মতবিনিময় হয়।

উল্লেখ্য, জার্মানির এই আন্তর্জাতিক সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ‘আমান বাংলাদেশ লিমিটেড’-এর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

আমান গ্রুপের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার ক্রিস্টিন বাউয়ার, রিজিওনাল বিজনেস ডিরেক্টর সঞ্জীব গ্রেওয়াল, ডিরেক্টর গ্লোবাল অ্যাকাউন্টস মার্কাস গ্রোসেলোহম্যান, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রোকন জামান, কমার্শিয়াল ডিরেক্টর এহসানুল হক এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আরশাদ হাসান।

বিজিএমইএ সভাপতি আমান গ্রুপের নতুন বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজিএমইএ’র পক্ষ থেকে সব ধরনের কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন।