শিরোনাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস): দেশের পুঁজিবাজারে নারীদের কার্যকর অংশগ্রহণ বাড়ানো এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে নারী বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার রাজধানীর কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারীসহ মোট ৩৫ জন নারী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ। তিনি বলেন, নারীদেরও বিনিয়োগ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারী শিক্ষার্থী, গৃহিণী বা পেশাজীবী যেই হোন না কেন, সঞ্চয়ের একটি অংশ জেনে-বুঝে সঠিকভাবে বিনিয়োগ করলে তিনি লাভবান হতে পারেন।
তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে জ্ঞানভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত।
কর্মশালায় ‘ফান্ডামেন্টাল অব ফিন্যান্সিয়াল লিটারেসি’, ‘ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড ইনভেস্টরস প্রটেকশন’ এবং ‘ফিন্যান্সিয়াল প্ল্যানিং’ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ করেন বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন।