বাসস
  ১৭ মে ২০২৬, ২০:৩৮

সেবার মান উন্নয়নে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথ অনুসরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংক গভর্নরের

ফাইল ছবি

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা অফিসে সেবার মান আরও গতিশীল ও কার্যকর করতে নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি বিভাগ ও শাখা অফিসের কার্যসম্পাদনের জন্য নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড রয়েছে। এসব সময়সীমা অনুসরণ করেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এ প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করতে গভর্নরের সভাপতিত্বে নিয়মিত মাসিক পর্যালোচনা সভা আয়োজন করা হবে।

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, মোট ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি বিভাগ বা শাখা অফিস সার্ভিস স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ কেইস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

এছাড়া ৩২টি বিভাগ ও শাখা অফিস ৯০ শতাংশ কেইস, ১১টি বিভাগ ও শাখা অফিস ৮০ থেকে ৮৯ শতাংশ কেইস এবং বাকি ৬টি বিভাগ ও শাখা অফিস ৬৭ থেকে ৭৯ শতাংশ কেইস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

সভায় গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট। তাই সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যেসব বিভাগ বা শাখা অফিস নির্ধারিত সময়ের মধ্যে সব কেইস নিষ্পত্তি করতে পারেনি, সেসব ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।