শিরোনাম

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অডিট ফার্ম ও তাদের অংশীদারদের তালিকাভুক্তি সংক্রান্ত নতুন গাইডলাইনের খসড়া অনুমোদন করেছে। একই সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য-প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা বিধিমালা, ২০২৬ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৫তম জরুরি সভায় আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অডিট ফার্ম ও তাদের অংশীদারদের তালিকাভুক্তি) নির্দেশিকা, ২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।
বিএসইসি জানিয়েছে, গাইডলাইনটির ওপর সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে এটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য-প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা প্রদান বিধিমালা, ২০২৬’ অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিধিমালাটি বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে।