শিরোনাম

দিনাজপুর, ১৬ মে ২০২৬ (বাসস): হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উদ্যোগে বিভিন্ন ধরনের ৭৬টি যানবাহন আগামীকাল নিলামে উঠবে। নিলামের তারিখ ঘোষণা করে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ শিডিউল বিক্রয় করেছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক বিভিন্ন ধরনের মালিকবিহীন যানবাহন হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগে জমা দেওয়া হয়েছে।
যানবাহনগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। এসব বিবেচনায় মালিকবিহীন যানবাহনগুলো আদালতের অনুমতি সাপেক্ষে প্রকাশ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি জানান, আগামীকাল ১৭ই মে হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের কার্যালয়ে শিডিউল ক্রেতাদের উপস্থিতিতে তালিকাভুক্ত বিভিন্ন ধরনের ৭৬টি যানবাহন বিক্রয় করা হবে।
হিলি কাস্টমস বিভাগের সহকারী কমিশনার নার্গিস বেগম জানান, আগামীকাল ১৭ মে সাধারণ নিলামের মাধ্যমে বিধি অনুযায়ী শিডিউল ক্রেতাদের মধ্যে সর্বোচ্চ মূল্য দাতার কাছে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন বিক্রয় করা হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাস্টমস অফিস চত্বরে নিলাম কার্যক্রম চলবে।
তিনি জানান, নিলামে ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রয় করা হবে। এর মধ্যে রয়েছে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজি বাইক এবং একটি প্যাডেল ভ্যান। যার মূল্য প্রায় এক কোটি টাকা।
কাস্টমস অফিস সূত্রে জানা যায়, নিলামে অংশগ্রহণের জন্য নির্ধারিত সিডিউলের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। টেন্ডার জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১০৬টি শিডিউল বিক্রয় হয়েছে।
হিলি কাস্টম্সের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সর্বশেষ ২০২২ সালে সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। গত ১৪ মে টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে ১০৬টি শিডিউল বিক্রয় করা হয়েছে। দীর্ঘ সময় পর আবারও নিলাম আয়োজন করা হচ্ছে। অনেকেই এসব যানবাহন নিলামে ক্রয় করতে শিডিউল কিনে নিয়েছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে যানবাহনগুলো নিলামে বিক্রির জন্য হিলি কাস্টমস বিভাগ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।