বাসস
  ১৩ মে ২০২৬, ২১:০৫
আপডেট : ১৩ মে ২০২৬, ২২:১১

বাংলাদেশ-ফিলিপাইন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বিপিসিসিআই’র

ছবি : বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই)।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ফিলিপাইন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিপিসিসিআই নেতারা এ গুরুত্বারোপ করেন। 

এ সময় রাষ্ট্রদূতের কাছে ‘বাংলাদেশ-ফিলিপাইন বিজনেস ডেলিগেশন রিপোর্ট-২০২৬’ হস্তান্তর করা হয়। বিপিসিসিআই সভাপতি রকিব মো. ফখরুল (রকি)-এর নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন রশিদ অংশ নেন।

বৈঠকে গত ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের বিভিন্ন অর্জন, সুপারিশ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

প্রতিবেদনে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদারে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

রকিব মো. ফখরুল প্রতিনিধি দলের সফর সফল করতে সহযোগিতার জন্য ঢাকায় ফিলিপাইন দূতাবাস এবং ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, উভয় দেশের উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে বিপিসিসিআই কাজ করে যাচ্ছে।

হুমায়ুন রশিদ বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিদ্যমান অপ্রয়োগকৃত বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে ধারাবাহিক সংলাপ ও বেসরকারি খাতের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট বিপিসিসিআই’র উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ-ফিলিপাইন দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।