শিরোনাম

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজকে বকেয়া নগদ লভ্যাংশ ও তালিকাভুক্তি ফি পরিশোধের নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বিএসইসি’র মুখপাত্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরচুন সুজ লিমিটেড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে।
তবে কোম্পানিটি ঘোষিত মোট ১৬ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধে ব্যর্থ হয়।
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত পূর্ববর্তী তিন বছরের ১৮ লাখ ২৯ হাজার টাকার তালিকাভুক্তি ফিও পরিশোধ করা হয়নি।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আদেশ জারির ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে বকেয়া নগদ লভ্যাংশ ও তালিকাভুক্তি ফি পরিশোধ করতে হবে। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কার্যকর থাকবে।
এ ঘটনায় কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম, সাবেক পরিচালক মো. খসরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া প্রধান অর্থ কর্মকর্তা জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা ও সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া ও বর্তমান কোম্পানি সচিব মো. নজমুল হোসাইনকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
কমিশন সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলে এবং পুনর্গঠিত পর্ষদের যৌথ শেয়ারধারণ ৩০ শতাংশের নিচে নেমে গেলে, মূলধন বৃদ্ধি বা ক্যাপিটাল রেইজিংয়ের ক্ষেত্রে বিদ্যমান বাধা প্রযোজ্য হবে না।
এছাড়া স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংকগুলো নিজস্ব ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট সংরক্ষণ করতে পারবে বলে নির্দেশনা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় পুঁজিবাজার ভিত্তিক গবেষণামূলক ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করতে, ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ-২০২৬’ আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।