শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস): দেশের আবাসন খাতকে একটি আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত করতে রিহ্যাব সব সময় সরকারের আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল। মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ’র সঙ্গে সমন্বয় করে সদস্য প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করতে রিহ্যাব কার্যকর ভূমিকা পালন করবে রিহ্যাব।
রিয়েল এস্টেট খাতে মানিলন্ডারিং প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও সুশাসন জোরদারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি ড. আলী আফজাল এ কথা বলেন।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১২ তলায় অবস্থিত বিএফআইইউ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রিহ্যাব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ড. আলী আফজাল।
এ সময় নিবন্ধন ব্যয় কমিয়ে অপ্রদর্শিত আয়ের উৎস বন্ধ করার আহ্বান জানান তিনি।
সভায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী রিয়েল এস্টেট খাতের রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, করণীয় ও কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রিয়েল এস্টেট খাতে সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সদস্য প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী রিপোর্টিং ও ঝুঁকি ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তুলতে রিহ্যাব ধারাবাহিকভাবে কাজ করবে।
সভায় উপস্থিত রিহ্যাব পরিচালনা পর্ষদের অন্যান্য নেতারাও মানিলন্ডারিং প্রতিরোধে সরকারের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সচেতনতা ও সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিএফআইইউ কর্মকর্তারা রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য বিভিন্ন কমপ্লায়েন্স, রিপোর্টিং প্রক্রিয়া, গ্রাহক যাচাইকরণ (কেওয়াইসি) ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন-সহ বিএফআইইউ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
এছাড়াও সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, পরিচালক মো. মাহবুবুর রহমান, আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া মজুমদার, এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, এম ফখরুল ইসলাম ও মো. এমদাদুল হোসেন সোহেল উপস্থিত ছিলেন।